রিমান্ড শেষে ইনু মেনন পলক ও মামুন কারাগারে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার সকালে রিমান্ড শেষে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। একই সময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান আসামিদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, হাসানুল হক ইনুকে তিন দফায় ১৬ দিন, মেননকে দুই দফায় ১১ দিন, পলককে তিন দফায় ২৩ দিন এবং মামুনকে আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় গতকাল। অন্য কোনো মামলায় রিমান্ড না চাওয়া এবং মামলার তদন্ত কমকর্তারা তাদের কারগারে আটক রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠিয়েছে।

খিলগাঁও থানার একটি হত্যা মামলায় ইনু, মেনন, পলক ও মামুনকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কমকর্তা। বিচারক শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তার পাঁচ দিনের এবং ২৭ আগস্ট আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাত দিনের এবং এরপর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় ৩ সেপ্টেম্বর আরও পাঁচ দিনের আর ৮ সেপ্টেম্বর লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে আরও চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। পলককে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের, এরপর গত ২৫ আগস্ট আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় তার সাত দিনের, গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় সুমন সিকদার হত্যা মামলায় এবং সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ।

অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়। পরদিন ছাত্র-জনতার আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় আট দিনের রিমান্ডে নেয় পুলিশ, তবে তাকে একটি মামলার রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

অতিরিক্ত পুলিশ সুপার কাফী পাঁচ দিনের রিমান্ডে : সাভারের পুলিশের সাঁজোয়া যান থেকে ফেলে দিয়ে শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার অভিযোগের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (বরখাস্ত) আবদুল্লাহিল কাফীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাসের আদালত এ রায় দেয়।

এর আগে হাজারীবাগ থানার একটি হত্যা মামলায় আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় তাকে। গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত