সাতক্ষীরায় ১১ স্বর্ণেরবারসহ যুবক আটক 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে এক কোটি ষাট লাখ সত্তর হাজার টাকা মূল্যের ১১টি স্বর্ণের বারসহ এক যুবক আটক হয়েছে। আটক হওয়া ওই যুবকের নাম মো. জাকির হোসেন (৩১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক (বিএ-৬৩৮০) লে. কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল এক কেজি ৪৮৩ গ্রাম স্বর্ণেরবারসহ একজন আসামি আটক করা হয়।

ব্যাটালিয়ন পরিচালক আশরাফুল আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৩-এস ৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারকালে একজন আসামিকে আটক করা হয়। পরবর্তীতে আটক জাকির হোসেনের দেহ তল্লাশি করে তার কোমরের গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত