ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাসেল নামে এক যুবককে হত্যা করেছে তারই বন্ধু। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে।
এ ঘটনায় রাসেলের বন্ধু শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার হরিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
আটক শহীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া বাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই রাতেই শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। এরপর রাতভর শালবন এলাকায় অভিযান চালিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ শনিবার সকালে পুনরায় অভিযান চালিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
