যেসব কাজে আয়ু বাড়ে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

মৃত্যু নির্ধারিত। প্রত্যেক মানুষ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করবে। তবে এমন কিছু কাজ আছে, যে কাজগুলো করলে মহান আল্লাহ বান্দার আয়ু বৃদ্ধি করে দেন। আয়ু বৃদ্ধি পাওয়া আক্ষরিক অর্থেও হতে পারে, আবার হতে পারে মহান আল্লাহ হায়াতে বরকত দান করবেন। যার দ্বারা অল্প সময়ে অনেক বেশি সৎকাজ করা সম্ভব হবে। ফলে কেউ ৭০ বছরের আমল ৪০ বছরেই করে ফেলতে পারবে। কিংবা মহান আল্লাহ তাকে এমন কাজ করার তাওফিক দান করবেন, যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। যেসব আমল দ্বারা আয়ু বাড়ে, তেমন কয়েকটি আমল উল্লেখ করা হলো।

বাবা-মায়ের সঙ্গে ভালো ব্যবহার: হজরত সালমান ফারসি (রা.) বলেন, হজরত রাসুল (সা.) বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। (জামে তিরমিজি)

আত্মীয়তার বন্ধন ঠিক রাখা: আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তাদের জীবনে মহান আল্লাহ অদৃশ্য বরকত দান করেন। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন বজায় রাখে। (সহিহ বুখারি)

প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার: ইসলামে প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি। কারণ আমরা সামাজিক জীব। আমাদের জীবনে প্রতিবেশীর ভালোবাসার প্রয়োজন অপরিহার্য। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে, মহান আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুল (সা.) বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। (মুসনাদ আহমাদ)

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত