মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্তি দিল চীন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম

মার্কিন যাজক ডেভিড লিনকে মুক্ত করে দিয়েছে চীন। ২০০৬ সাল থেকে তিনি চীনে কারাবন্দী ছিলেন। ৬৮ বছর বয়সী ডেভিডের কারামুক্তির খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতারণার দায়ে ডেভিডকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল চীন। খবর আল জাজিরার।

ওয়াশিংটন বলছে, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল এবং তাকে মুক্ত করার জন্য কয়েক বছর ধরে বেইজিংকে অনুরোধ করে আসছে তারা। কিন্তু চীন বারবার লিনকে মুক্তি দিতে অস্বীকৃতি জানায়। অবশেষে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাতের কয়েক সপ্তাহ পরে লিন মুক্তি পেলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গণপ্রজাতন্ত্রী চীনের কারাগার থেকে ডেভিড লিনের মুক্তিকে স্বাগত জানাই। তিনি যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন এবং প্রায় ২০ বছর পর তার পরিবারকে দেখার অপেক্ষায় রয়েছেন।’

লিনের মেয়ে অ্যালিস পলিটিকো মিডিয়া আউটলেটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তার বাবা টেক্সাসে আসবেন। তাদের সঙ্গে আবার সময় কাটাতে পারবেন। বিষয়টি তাদের জন্য কতটা যে আনন্দের তা কোনো শব্দে প্রকাশ করতে পারবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত