সিলেটে দেড় দশক পর বিএনপির বাধাহীন সমাবেশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

দেড় দশক পর সিলেটে বাধাহীন সমাবেশ করছে বিএনপি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিশাল র‌্যালি ও বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে দলটি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নগরের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের এই কর্মসূচিতে চার জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী-সমর্থকেরা উপস্থিত হন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান বলেন, ‘ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ।  আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি ও স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা।’

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, ‘বিগত ১৭ বছর কোটি কোটি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হয়নি। ভুয়া ভোটের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করা হয়েছে। দেশের কোটি কোটি ভোটার অর্থবহ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। ’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা ও আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মিজান, হাজী মুজিব, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত