বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে কলেজ, বন্ধ থাকছে ক্লাস

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ এএম

টানা বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের প্রবেশপথ, খেলার মাঠসহ শ্রেণিকক্ষ। বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে ক্লাস। গত কয়েক দিনের টানা বৃষ্টিতেও কলেজের ভেতরে হাঁটু সমান পানি জমে আছে। চাকরি বাঁচাতে শিক্ষক-কর্মচারীরা কলেজে এলেও অনুপস্থিত প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাচ্ছেন না কর্তৃপক্ষ। সেজন্য জলাবদ্ধতা থেকে কলেজকে রক্ষা করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী কলেজ মোড় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মো. রুহুল আমীন, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান মধু, প্রভাষক আবদুল মজিদ, শিক্ষার্থী বুখারী আলম, সাদিয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজটিতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ও ৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তিন বছর আগেও এখানে জলাবদ্ধতা ছিল না। কিন্তু কিছু ভূমিদস্যু পানিপ্রবাহের খাল দখল করে নিয়েছে। এতে টানা বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে কলেজের ভেতরে। বর্তমানে কলেজের প্রবেশপথ, খেলারমাঠ, নামাজ ঘর ও কয়েকটি শ্রেণিকক্ষে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষকে বারবার লিখিত অভিযোগ করেও কাজ হয়নি। জলাবদ্ধতা থেকে কুমারখালী সরকারি কলেজকে রক্ষার দাবি জানান তারা।

এদিকে নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। গত শনিবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ বলে জানিয়েছে কুমারখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. আল আমিন।

অন্যদিকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় বিপাকে পড়েছেন খামারি ও কৃষকরা। জলাবদ্ধতায় ডুবেছে ফসল। ভেসে গেছে পুকুর। ভেঙে পড়েছে বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা। উপজেলার যদুবয়রা, পান্টি, চাঁদপুর, সদকী ও জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও কুমারখালী পৌর এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ‘ভারী বৃষ্টির কারণে কিছু গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে। কুমারখালী সরকারি কলেজসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তা নিরসনের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত