ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

কক্সবাজারে উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নাফিস শাহারিয়ার (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা তার স্ত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার সাগরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নাফিস শাহারিয়ার রাজধানীর বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, শুক্রবার সকালে নাফিস শাহরিয়ার তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল উঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান। গোসলের একপর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুইজনে ভেসে যেতে থাকেন। এতে তাদের চিৎকারে ঘটনাস্থলে স্থানীয়রা স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী পানিতে ভেসে যান।

খবর পেযে বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালায়। একপর্যায়ে বিকাল ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ ভেসে আসে। পরে লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মো. তানভীর হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত