‘সুদ থেকে মুক্তি পেতে’ ট্রেনের নিচে ঝাঁপ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম

খুলনায় সুদের জাল থেকে মুক্তি পেতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার (৫৬)। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের মধ্যবর্তী মুক্তেশ্বরী রেলগেট এলাকায়। তিনি যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার বাসিন্দা হলেও খুলনার ডুমুরিয়া উপজেলার বরুণা গ্রামের মৃত ইমান আলী ফকিরের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ  জানায়, আজ শুক্রবার দুপুর ২টা থেকে আব্দুল জব্বার মুক্তিশ্বরী রেলগেট এলাকার একটি চায়ের দোকানে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। বিকাল ৫টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তার কোমর থেকে শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। নিহতের পাশে পড়ে থাকা তার ফাইলে ভোটার আইডি কার্ড ও নিজ হাতে লেখা সুইসাইড নোট পুলিশ উদ্ধার করে। 

জানা গেছে, যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর সভার প্রশাসক বরাবর লিখিত সুইসাইড নোটে তার আত্মহত্যার মূল কারণ হিসাবে ঋণ ও সুদের জালে জর্জরিত বলে উল্লেখ রয়েছে। নয় ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা ঋণ নিয়ে মাসিক ৪০ হাজার টাকা সুদ দিতে হতো তাকে। সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় বলে উল্লেখ রয়েছে। 

এ ব্যাপারে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত