নতুন প্রেসিডেন্টের খোঁজে শ্রীলঙ্কার মানুষ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ এএম

দুই বছর আগে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা। উদ্ভূত সেই পরিস্থিতি তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে গণবিক্ষোভের স্ফুলিঙ্গ উড়ায়। গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যান রাজাপাকসে। এরপর দেশটির সংসদের ভোটাভুটির পর প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় রনিল বিক্রমাসিংহেকে। এরপর প্রথমবারের মতো নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পাচ্ছে দেশটির জনগণ।

দীর্ঘদিনের যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত শ্রীলঙ্কানদের সামনে নতুন আশার সঞ্চার করেছিল ২০২২ সালের গণআন্দোলন। দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে এবারের নির্বাচনকে। নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন বিরোধী নেতা সাজিথ প্রেমদাসা এবং নতুন বামপন্থি জোটের নেতা সংসদ সদস্য অনুরা দিসানায়েকে। লড়াইয়ে এগিয়ে থাকা আরেক প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। এক সময় মার্কসবাদী এই নেতা দুটি ব্যর্থ অভ্যুত্থানের জন্য নিন্দিত হলেও, চলমান নেতৃত্ব সংকটকে অনুড়া দিসানায়েকের জন্য একটি সুযোগ হিসেবে দেখা দিয়েছে।

রাজাপক্ষে পরিবার থেকে নির্বাচনে লড়ছেন নমল রাজাপাকসে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে নমল। লঙ্কান পদুজন পেরামুনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ বছর বয়সী নমল। আর পিপলস স্ট্রাগল অ্যালায়েন্স থেকে লড়ছেন ৪০ বছর বয়সী নুয়ান বোপেজ। গোতাবায়াবিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়া ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তিনি। নির্বাচনী ইশতেহারে দুর্নীতিবিরোধী কড়া অবস্থান ঘোষণা করেছেন তিনি।

শ্রীলঙ্কার এবারের নির্বাচনে প্রার্থী ৩৯ জন। ১ কোটি ৭০ লাখের বেশি ভোটার প্রেসিডেন্ট নির্বাচিত ভোট দেবেন। শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর পরপরই শুরু হবে ভোট গণনা। আগামী রবিবার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত