পঞ্চগড়ের বোদায় ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি তরুণকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়শশী ইউনিয়নের মায়াপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বলরামপুর এলাকার কৃষ্ণ চন্দ্র রায় (২০) এবং বোদা উপজেলার মাড়েয়া এলাকার দীপ্ত রায় (১৮)।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় টহল দিচ্ছিল বিজিবি। এ সময় শূন্যরেখার প্রায় দেড়শ গজ (বাংলাদেশ) ভেতরে দুই বাংলাদেশি তরুণকে আটক করে বিজিবি।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্থানীয় এক দালালের সহায়তায় ভারতে কাজ করার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এজন্য তারা পাঁচ হাজার টাকা করে দালালকে দিয়েছেন। তবে তাদের আটকের সময় ঘটনাস্থলে ওই দালালকে খুঁজে পায়নি বিজিবি।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় রাত ১২টার দিকে বড়শশী বিওপির কমান্ডার নায়েব সুবেদার এ কে এম আলী আজাদ বাদী হয়ে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বোদা থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে নেওয়া হয়।
