সাবেক এমপি রায়হানুল হক গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

সাবেক এমপি ও রাজশাহীর চারঘাট উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন।

জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারী রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি চলছিল। এসময় সংঘর্ষে আবু সাঈদ চাঁদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ সেপ্টেম্বর নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, চারঘাট-বাঘার সাবেক এমপি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও একই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় এজাহার নামীয় আসামি চারঘাট-বাঘার সাবেক এমপি রায়হানুল হককে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে গ্রেপ্তার করে চারঘাট মডেল থানা পুলিশ।

চারঘাট-বাঘার সার্কেল এএসপি প্রনব কুমার বলেন, রায়হানুল হক রায়হানকে আপতত পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সেই মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে, মোহনপুর থানার পুলিশের একটি দল রাজশাহীর মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে রাজশাহী নগরী থেকে অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। আবদুস সালাম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। রাজশাহী—৩ (পবা—মোহনপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আয়েন উদ্দিন তার শ্যালক।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে থানায় হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকট আবদুস সালাম। গেল ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত