চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৩ হাজার, ‍মৃত্যু ১২৫

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১০৮ জন। এ সময় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৩৮৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১১৩ জন, বরিশালে ৭১, চট্টগ্রাম বিভাগে ১৯৩, খুলনায় ৪৮, ময়মনসিংহে ৯ ও রাজশাহীতে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ১০৮ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এ সময়ে মারা যাওয়া ১২৫ জনের মধ্যে ৫৪ দশমিক ৪ শতাংশ নারী এবং ৪৫ দশমিক ৬ শতাংশ পুরুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত