আগাম ভোটের মাঝেই বিতর্কের দাবি নাকচ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ এএম

যুক্তরাষ্ট্রের নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে জল্পনা-কল্পনা। কথার লড়াইয়ে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। শেষ সময়ে এসে ভোটারদের মন জয় করতে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছোটাচ্ছেন উভয়ই। তবে দুই প্রার্থী যখন প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, তার মধ্যেই যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিরই নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। দেশটির ভোটাররা চাইলে সশরীরে কিংবা অনলাইনে আগাম ভোট অথবা নির্বাচনের দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেই ধারাবাহিকতায় ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনেসোটায় আগাম ভোট দেওয়া শুরু করেছেন ভোটাররা। অক্টোবরের মাঝামাঝি সময়ে আরও অনেক অঙ্গরাজ্য চলে আসবে আগাম ভোটের আওতায়। বিশেষ করে যেসব ভোটার ভোটের দিন উপস্থিত হতে পারবেন না, তাদের জন্যই এ আগাম ভোটের ব্যবস্থা। তবে যুক্তরাষ্ট্র জুড়ে ৫ নভেম্বর ভোটগ্রহণ শেষে একযোগেই প্রকাশিত হবে এসব ভোটাভুটির ফল। এ আগাম ভোট শেষ হবে ২ নভেম্বর। এরই মধ্যে রেজিস্ট্রার অফিসসহ অনেক কাউন্টিতে অন্তত একটি করে ভোট দেওয়ার বুথ খোলা হয়েছে। ভার্জিনিয়ার ভোটাররা ১৫ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রার অফিসে ব্যক্তিগত ইমেইল অথবা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও বিভিন্ন কারণে যারা ভোট দিতে পারবেন না, তাদের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্র্তৃপক্ষ। নির্বাচনের দিন সন্ধ্যা ৭টার মধ্যে ব্যক্তিগতভাবে জমা দিতে হবে ইমেইল ব্যালট। আর ডাকযোগে পাঠালে ৮ নভেম্বর দুপুরের মধ্যে রেজিস্ট্রার অফিসে পাঠাতে হবে ভোটারদের মূল্যবান রায়। নির্ধারিত কর্মঘণ্টার মধ্যে ব্যালট পেপার বা ইমেইলের মাধ্যমে স্থানীয় কাউন্টি অডিটর অফিসে ব্যক্তিগতভাবে ভোট দিতে পারবেন সাউথ ডাকোটার বাসিন্দারা। ব্যালট সংগ্রহের শেষ সময় ৪ নভেম্বর। যুক্তরাষ্ট্রে এই আগাম ভোট দেওয়ার রীতি বেশ পুরনো। এমনকি আগাম ভোট দেওয়াকে অনেকের কাছে পারিবারিক ঐতিহ্য বলেও বিবেচিত হয় দেশটিতে। তবে বিশ্লেষকদের মতে, আগাম ভোট পদ্ধতি যোগ্য প্রার্থী নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থীকে নতুন আরেকটি বিতর্কের আমন্ত্রণ জানিয়েছে। সিএনএনের ডাকে কমলা সাড়া দিলেও, সেটি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তবে ট্রাম্প সরাসরি তা প্রত্যাখ্যান করে বলেন, এখন আর বিতর্কের সময় নেই। এ সময় সবশেষ টেলিভিশন বিতর্কে নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প বলেন, নির্বাচনে জেতা সম্ভব নয় জেনেই ডেমোক্র্যাটরা শেষ মুহূর্তে নতুন বিতর্কে অংশ নিতে চাইছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত