নগরের নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় জেসমিন আক্তার (১৮) নামে এক গৃহকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ওই এলাকার ৭ নম্বর রোডে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির ভাড়া ঘরে এই ঘটনা ঘটে। তবে কি কারণে জেসমিন আত্মহত্যা করলেন এর কারণ জানতে পারেনি পুলিশ।
খবর পেয়ে গতকাল রবিবার সন্ধ্যার দিকে পুলিশ জেসমিনের মরদেহ উদ্ধার করে। তবে এর আগে শহীদুলের বাসার একটি কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেসমিনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশিরা।
মারা যাওয়া জেসমিন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবির বিলা এলাকার নূর মোহাম্মদের মেয়ে। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হিরো বড়ুয়া জানান, আত্মহত্যা করার সময় শহীদুল ও তার স্ত্রী স্কুল শিক্ষক ছিলেন কর্মস্থলে। যে কক্ষে জেসমিন আত্মহত্যা করেন সেই কক্ষে সিসিটিভির ক্যামেরা লাগানো। ফুটেজে দেখা যায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে জেসমিন আত্মহত্যা করার সময় শহীদুল দম্পতির দুই বছর বয়সী এক সন্তান ওই কক্ষের খাটে শোয়ানো ছিল।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে জেসমিনের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে আত্মহননের কারণ জানা যাবে। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে।
