লেবাননেও সর্বাত্মক সংঘাত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে নতুন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময় বিমান হামলা থেকে সম্ভাব্য জানমাল রক্ষায় বেসামরিকদের হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি কর্র্তৃপক্ষ। লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এ সংক্রান্ত সতর্কবার্তাও পাঠানো হয়। ফোনে খুদে বার্তা ও অডিও বার্তা আকারে এই সতর্কবার্তা পান স্থানীয় বাসিন্দারা। বার্তায় বলা হয়, ‘হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রাখার জন্য যেসব আবাসিক ভবন ব্যবহার করছে’, সেসব ভবন থেকে বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হচ্ছে।

লেবাননে ইসরায়েলের হামলাকে মানসিক যুদ্ধ বলে অভিহিত করেছেন লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি। দেশটির নাগরিকদের খুদে বার্তার মাধ্যমে সতর্ক করার বিষয়কে মানুষের মনের ওপর প্রভাব বিস্তারকারী কৌশল হিসেবে উল্লেখ করেছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, শত্রু ইসরায়েলের দূরভিসন্ধির অংশ এটি। এ বিষয়ে দেশটির তথ্য মন্ত্রণালয় অনুসন্ধান চালাচ্ছে। তাই বিষয়টিকে মাত্রাতিরিক্ত মনোযোগ না দিতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানান জিয়াদ মাকারি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নতুন করে ইসরায়েলের বিমান হামলায় ১৮২ জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরায়ি জানান, এখন পর্যন্ত হিজবুল্লাহর ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এসব জায়গা হিজবুল্লাহ অস্ত্র মজুদের কাজে ব্যবহার  করত।

এদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস তাদের সব সদস্যকে সব ধরনের যোগাযোগ ডিভাইসের ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে। লেবাননে হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হওয়ায় সাবধানতা স্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। তবে শুধু যোগাযোগ উপকরণ না, সব ধরনের যন্ত্রই পরীক্ষা করে দেখার জন্য আইআরজিসি বড় ধরনের অভিযান শুরু করেছে।

এ ছাড়া ইরানে ইসরায়েলি গোয়েন্দার অনুপ্রবেশ ও অর্থের বিনিময়ে ইসরায়েলের কাছে বিক্রি হওয়া ইরানিদের নিয়েও চিন্তিত আইআরজিসি। এজন্য মধ্য থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের ওপর তদন্ত চালাচ্ছে কর্র্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘দেশে ও দেশের বাইরে, নজরদারিতে থাকা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, তাদের ভ্রমণের ইতিহাসের তথ্যও পর্যালোচনা করা হবে।’এরই মধ্যে ইসরায়েলকে সহযোগিতা ও ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কর্মপরিকল্পনার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত