যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে চোখ জেলেনস্কির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দৃঢ় পদক্ষেপই দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ অবসানের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন জেলেনস্কি। গত সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এই সফরে প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেনস্কির। সেখানে তিনি ইউক্রেনের ‘জয়ের পরিকল্পনা’ তুলে ধরবেন বলে জানা গেছে। সেই সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার দেখা করার পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তার দেশ যুদ্ধের শেষপ্রান্তে পৌঁছে গেছে। যুদ্ধ সমাপ্তির দিকে আরও একধাপ এগিয়ে গেছেন দাবি করে জেলেনস্কি বলেছেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার সন্নিকটে আছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও মিত্রদের দৃঢ় পদক্ষেপের মধ্য দিয়েই ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ত্বরান্বিত হবে।’ রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে এখন পর্যন্ত কিয়েভকে কয়েক হাজার কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে পশ্চিমারা। এ ছাড়া মস্কোর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ওয়াশিংটন ও অন্য মিত্রদের কাছে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে পৌঁছে কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক সেরেছেন জেলেনস্কি। বৈঠকের পর ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংহতি বৃদ্ধির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইতিহাসের সেরা বিক্রয়কর্মী বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘প্রতিবার জেলেনস্কি যুক্তরাষ্ট্রে আসেন এবং ছয় হাজার কোটি মার্কিন ডলার জিতে চলে যান।’ এ সময় যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কি মনেপ্রাণে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর জয় চান বলেও মন্তব্য করেন ট্রাম্প। গত সোমবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে জেলেনস্কিকে নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। তবে নির্বাচনে জিতলে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন সাবেক এই প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে দুই দেশের নেতাকে দ্রুত একটি চুক্তিতে উপনীত হওয়ার তাগিদ দেবেন বলেও উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত