বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আফিকুল ইসলাম সাদের নামে শহীদ সাদ চত্বর উদ্বোধন করেছে স্থানীয় বিএনপি। সম্প্রতি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারের বকুলতলাকে শহীদ সাদ চত্বর হিসেবে ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির সাটুরিয়া উপজেলার সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন এ চত্বরের উদ্বোধন করেন। এ সময় সাটুরিয়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ আফিকুল ইসলাম সাদ উপজেলার দড়গ্রাম গ্রামের শফিকুল ইসলামের বড় ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদ। পরে সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান।
চত্বর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন— সাটুরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান খান রোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, সাটুরিয়া সেচ্ছাসেকব দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম, দরগ্রাম ইউনিয়ন বিএনপি'র সভাপতি বাবুল হোসেনসহ সাটুরিয়া উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
