আমতলীতে হাটের জমি প্রভাবশালীদের দখলে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম

বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চুনাখালী হাটবাজারের জমি দখলে নিয়ে দুই-তিনতলা পাকা স্থাপনা করে বসবাস করছেন প্রভাবশালীরা।

প্রকাশ্যে হাটের জমি দখল হলে গেলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাটের ইজারাদার, রাজস্ব হারাচ্ছে সরকার।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চুনাখালী মৌজায় ৬ দশমিক ৭৫ একর জমি হাট-বাজারের নামে। এর বেশিরভাগই স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছেন কয়েকজন ব্যক্তি।

তারা হলেন মোফাজ্জেল হোসেন, লিটু কাজী, সুলতান মাস্টার, কেনান মাদবর, মনজু মাস্টার, বারেক মাস্টার, ছত্তার মাস্টার, কালাম প্রমুখ। স্থানীয়ভাবে তারা বেশ প্রভাবশালী। 

চুনাখালী হাট-বাজারের ইজারাদার মাহবুবুল আলম জানান, চুনাখালী হাট-বাজারের জমি অবৈধ দখলের কারণে তিনি ক্ষতির মুখে পড়েছেন। প্রভাবশালীদের বিরুদ্ধে তিনি

কথা বলতে সাহস পাচ্ছেন না।

তাই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে দখলদারদের কেউ কথা বলতে রাজি হননি। তবে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, হাট-বাজারের জমি অবৈধভাবে দখল হয়ে থাকলে দখলদারের তালিকা করা হবে। পরে তাদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের সহায়তা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘অবৈধ দখলদারিত্ব মুক্ত করতে সময়ের দরকার। সরকারি হাট-বাজারের জমি যেকোনো মূল্যে রক্ষা করা হবে।’   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত