রাজধানীর গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে রাসেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেরানীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন বেলা সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাজু ও হাসান জানান, ভাট্টিখানা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। তখন পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচতলার দেয়াল ধ্বসে রাস্তার ওপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তারা আরও জানান, গেন্ডারিয়া এলাকায় থাকতেন রাসেল। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঘটনাটি গেন্ডারিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।
জয়-সাদ্দামসহ ৬৬ জনকে আসামি করে ছাত্রদলের মামলা
ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিএএবি পার্ট ১৪৭ প্রশিক্ষণের অনুমোদন