কেএএস মুর্শিদ বললেন

স্বল্পমেয়াদি পরিকল্পনা দেবে টাস্কফোর্স

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ এএম

অর্থনীতিকে এগিয়ে নিতে আমরা সরকারকে স্বল্পমেয়াদি একটি পরিকল্পনা দেব। যাতে আগামী এক বা দুই বছরের মধ্যে একটা ফলাফল দেখা যায় বলে জানিয়েছেন অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ-সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ড. কেএএস মুর্শিদ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে টাস্কফোর্সের প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। টাস্কফোর্সের প্রথম বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া টাস্কফোর্সের সদস্য সচিব সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. কাউসার আহমদ, টাস্কফোর্সের সদস্য ড. ফাহমিদা খাতুন, ড. সেলিম রায়হান, ড. মঞ্জুর হোসেন, ড. আবদুর রাজ্জাক, ড. শামসুল আলম, ড. রুমানা হক, নাসিম মঞ্জুর এবং ফাহিম মাশরুরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএএস মুর্শিদ বলেন, বর্তমানে ঘাটতি চিহ্নিত করে টেকসই ও কার্যকর পরিকল্পনা দেবে টাস্কফোর্স। এ ক্ষেত্রে বর্তমান লিকেজগুলো চিহ্নিত করার পাশাপাশি কীভাবে সেগুলো সমাধান করা যাবে, সেসব বিষয়ে পরিকল্পনা দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা স্বল্পমেয়াদে সরকারকে পরিকল্পনা দেব। যাতে আগামী এক বা দুই বছরের মধ্যে একটা ফলাফল দেখা যায়। আমাদের পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে কিংবা সেখানে রিপ্লেস করা নয়। এটা স্বতন্ত্র পরিকল্পনা হবে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়েও আমরা পরামর্শ দেব। এবং ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক খাতগুলো নিয়ে তারা কাজ করবেন জানিয়েছেন মুর্শিদ।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর ১২ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন করে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত