জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ এএম

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশটির প্রবীণ আইনপ্রণেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি গতকাল শুক্রবার তাকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হলেন তিনি। জাপানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দেবেন তিনি। এলডিপির প্রধান কার্যালয় টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। ইশিবার পক্ষে পড়ে ২১৫ ভোট। আর তার প্রতিপক্ষ তাকাইচি পান ১৯৪ ভোট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় সাত দশকব্যাপী জাপান শাসন করছে এলডিপি। পাঁচবারের প্রচেষ্টার পর দলটির প্রধান নেতা নির্বাচিত হয়েছেন  শিগেরু ইশিবা। ভোটে জয়লাভের পর এলডিপির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় ইশিবা বলেছেন, ‘জনগণের ওপর আমাদের আস্থা রাখতে হবে। সাহস ও দায়িত্ববোধের সঙ্গে সত্যের পথে থাকতে হবে। আমরা সবাই যেন আবার হাসিমুখে বাঁচতে পারি, সেটা নিশ্চিতে জাপানকে নিরাপদ করে তুলতে আমরা একসঙ্গে কাজ করে যাব।’

বিদায়ী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দলের তহবিল কেলেঙ্কারি এবং জনপ্রিয়তায় ধসের মুখে গত আগস্টে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। আগামী সোমবার পদত্যাগ করবেন কিশিদা ও তার মন্ত্রিসভা। মঙ্গলবার এক বিশেষ অধিবেশনে ইশিবাকে তার দায়িত্ব অর্পণ করা হবে। দলটির আরেক শীর্ষ নেতা ইউশিহিদে সুগা করোনা মহামারি সামাল দিতে ব্যর্থতার কারণে তীব্র সমালোচনা মাথায় নিয়ে বিদায় নিলে এলডিপির প্রধান হয়ে জাপানের প্রধানমন্ত্রী হন ফুমিও কিশিদা। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত