ময়মনসিংহে মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন এক চিকিৎসক। তিনি বিছানার পাশে মেবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে ছিলেন। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে নগরীর নাহা রোডের জমির মুন্সি এলাকার বাসা থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তারিকুল আলম নোমান (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ময়মনসিংহ নগরীর গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারিকুল আলম হাসপাতালে দায়িত্ব পালন শেষে রাত ১টার দিকে বাসায় ফেরেন। তিনি একটি কক্ষে একা ঘুমাতে যান। ওই সময় প্রতিদিনের মতো বিছানার পাশে মাল্টিপ্লাগে চার্জে দেন মোবাইল ফোন। সেটি বিস্ফোরিত হলে ঘুমের মধ্যেই দগ্ধ হন তারিকুল। এতে তার দুই হাত, বুক ও নাক-মুখ পুড়ে যায়। পোড়া গন্ধ আর বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা খুলে তারিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো অস্ত্রোপচার শেষে রাত ১টায় বাসায় ফেরেন চিকিৎসক তারিকুল আলম। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা কক্ষে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। আমরা ধারণা করছি, চার্জে থাকা অবস্থায় মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে শরীরে আগুন ধরে যায়। কোন কোম্পানির মোবাইল ফোন ছিল, তা জানা যায়নি। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
