বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ১০১ জন। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮৮ জনে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতাহার হাওলাদার (৪৫) এবং মো. সোলাইমান মিয়া (৭০) ডেঙ্গুতে মারা যান। আতাহার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এবং সোলাইমান পটুয়াখালী সদরের বাসিন্দা ছিলেন। তারা দুজনই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৬ জনের মৃত্যু হয়।
