কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার থানা ঘেরাও নিয়ে উত্তেজনা

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:১৬ এএম

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রামে পটিয়ার এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই যুবককে থানায় নেওয়ার খবর পেয়ে তার বিচারের দাবিতে শত শত মানুষ সেখানে যায়। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন উত্তর মাদারবাড়ী এলাকা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। তার নাম পার্থ বিশ্বাস পিন্টু (২৫)। তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাংগিরি এলাকার সুমন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, পিন্টুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী (সা.)-কে কটূক্তি করা হয়। এ ঘটনায় পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. নুরুচ্ছফার ছেলে মো. কামরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এর সূত্র ধরে পটিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে পিন্টুকে গ্রেপ্তার করে। খবর পেয়ে তার শাস্তির দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা পটিয়া থানা ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল দ্রুত ছুটে আসে এবং বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। এ সময় এক ছাত্রকে আটক করলে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে সেনাবাহিনীর জিপসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়। সেনাবাহিনীর এক সদস্য আঘাত পান। উত্তপ্ত পরিস্থিতিতে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য।

এ বিষয়ে মামলার বাদী জানান, পিন্টুর পরিবারের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পিন্টুর দাবি তার ফেসবুক হ্যাক করা হয়েছে।

পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, মহানবী (স.)-কে কটূক্তি করার অভিযোগে পার্থ বিশ্বাস পিন্টু নামে একজনকে নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত