বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সার্ভেয়ারদের কর্মবিরতি

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বিভিন্ন দপ্তরের সার্ভেয়াররা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সারাদেশের ন্যায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মসূচি পালন করেন সার্ভেয়াররা। এ কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সার্ভেয়াররা উপস্থিত ছিলেন। কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ তারিখ পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। 

অর্ধদিবস কর্মবিরতির কর্মসূচিতে বক্তব্য দেন, সার্ভেয়ার মো. আব্দুল মালেক, রেজাউল করিম, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মো. আল জুবায়ের, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মো. রব্বানী, জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার মো. মেহেদী হাসান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার বা সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহত্তর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত