বিগত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করেছেন আদালত। নানা অনিয়মের অভিযোগে নির্বাচনের ফল বাতিল চেয়ে দায়ের করা মামলায় চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
ডা. শাহাদাতের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, আদালতের এই রায়ে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বিজয়ী ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। তার প্রাপ্ত ভোট ছিল ৩ লাখ ৬৯ হাজার ২৪৮টি। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এর ফল বাতিল চেয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারসহ নয়জনকে বিবাদী করে মামলা দায়ের করেছিলেন ডা. শাহাদাত হোসেন। এর সাড়ে তিন বছর পর এ রায় দেয় আদালত।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর গত ১৯ আগস্ট চট্টগ্রামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়।
