প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হলেন সিরাজ উদ্দিন মিয়া

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:৫৩ এএম

যুগ্ম সচিব হিসেবে অবসরে যাওয়ার আট বছর পর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ১৯৮২ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সিরাজ উদ্দিন মিয়া। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, মো. সিরাজ উদ্দিন মিয়াকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট সাবেক মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তি বাতিল করা হয়েছিল। তখন থেকেই ফাঁকা থাকা এই পদে নিয়োগ দেওয়া হলো আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তাকে।

সিরাজ উদ্দিন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন। যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০০৯ সালে সিরাজ উদ্দিন মিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ২০১৬ সালে তিনি অবসরে যান। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্মচিন্তা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে এ পর্যন্ত ৩২টি বই লিখেছেন এই কর্মকর্তা।

তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আমলাতন্ত্র নিয়ে তার বইগুলো হচ্ছে ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ ও ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত