ভূমি দখল ও চাঁদাবাজি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি।
মামলার অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে বেধড়ক পেটায়। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবকে সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮জনকে আসামী করে মামলা দায়ের করে।
মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু বলেন, আমার বিরুদ্ধে যে অন্যায় ও অত্যাচার করা হয়েছে। ন্যায় বিচারের আশায় মামলা দায়ের করেছি।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে। গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল আদালতে তাঁকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন কার জামিন আবেদন নামঞ্জুর করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য্য করে।
