গাইবান্ধা সদর উপজেলায় মোস্তাক আলী (৪৫) নামের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ অক্টোবর) আনালেরতাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোস্তাক আলীর বাড়ি উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ও খোলাহাটি ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ড সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের কাবিলের বাজারের পাশে গভীর রাতে খাদে একটি মোটরসাইকেলসহ তিনজনকে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া নেওয়া হয়। চিকিৎসক তিনজনের মধ্যে মোস্তাক আলীকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, নিহত মোস্তাক আলীর স্ত্রী মিনারা বেগম জানান, গত বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মোস্তাক। গভীর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজ খবর নেন। পরে জানতে পারেন, মোস্তাক সড়কের পাশে পড়ে আছে। তার অভিযোগ, মোস্তাকের মৃত্যু রহস্যজনক।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মোস্তাক আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা একসঙ্গে তিনজন ছিলেন। তাদের দুইজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদনে তার মৃত্যুর কারণ জানা যাবে।
