টিসিবি'র পণ্যসহ আটক বিএনপির সেই সভাপতিকে অব্যাহতি 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৬ পিএম
টিসিবি পণ্য চাল-ডাল ও তেলসহ আটক নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ নীতি পরিপন্থী কাজ করায় সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা মজনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতির আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কেন্দুয়া উপজেলার ১৩ নং পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে আবুল হাসেম ভূঁইয়াকে অব্যাহতি প্রদান করা হলো। সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালামকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হলো।
উল্লেখ্য, গত বুধবার (২ অক্টোবর) পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় মেসার্স আয়েশ ট্রেডার্স নামে একটি পরিবেশক টিসিবির পণ্য বিক্রি শুরু করতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতারা প্রভাব খাটিয়ে এসব পণ্য ভাগাভাগি নিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানান। পরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সেলিম মিয়ার নেতৃত্বে যৌথবাহিনী বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত