রাজধানীতে একজনকে কুপিয়ে হত্যা 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ এএম

রাজধানীর যাত্রাবাড়ী জাহাঙ্গীর হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মীরহাজিরবাগ নিজ বাসার সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীরের ভাতিজা মো. রুবেল জানান, মীরহাজিরবাগ তাদের নিজেদের বাড়ি। জাহাঙ্গীর পেশায় তেমন কিছু করতেন না। তবে তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।

তিনি জানান, রাতে মীরহাজিরবাগ বাসার অদূরে একটি দোকানে গিয়েছিলেন জাহাঙ্গীর। সেখান থেকে ফেরার পর বাসার সামনে ৩-৪ জন মুখোশধারী মোটরসাইকেল যোগে এসে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে রাস্তা থেকে তুলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক মৃত বলে জানান তাকে। তবে কারা এবং কেনো তাকে হত্যা করেছে তা তার জানা নেই বলে দাবি করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসে ছিলেন। তবে কারা তাকে হত্যা করেছে স্বজনরা সেটি স্পষ্ট করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত