চাঁদপুরে হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পিএম

চাঁদপুরের কচুয়ায় হত্যা মামলায় নুর আলম (২৬) ও সজীব হোসেন (১৯) নামে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এই রায় দেন।

হত্যার শিকার শিশু জান্নাতুল নাঈম মিশু উপজেলার বড় হায়াতপুর গ্রামের প্রবাসী আবু হানিফের মেয়ে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুর আলম উপজেলার বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে এবং সজীব হোসেন জেলার ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই শিশু মিশু বাড়ির পাশে ঘাস কাটতে যায়। সেখানে উভয় আসামি শিশুটিকে প্রথমে ধর্ষণ, পরে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা ফাতেমা বেগম ওই বছরের ৩ আগস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

মামলাটি তদন্ত করেন কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন। তদন্ত শেষে তিনি একই বছর ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল ইসলাম মন্টু বলেন, ‌‘মামলাটি ৪ বছর চলাকালীন অবস্থায় আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত