মন্দিরে মন্দিরে পাহারায় থাকবে বিএনপি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২৪টি দুর্গাপূজা মন্দিরে পাহারায় থাকবে বিএনপি। সোমবার (৭ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদ ও পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দলটির মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

শ্রী শ্রী রাধামাধব আখড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দু। পৌর বিএনপির সদস্য সচিব মো. আক্তার হোসেনের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ।

অতিথি হিসেবে বক্তব্য দেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম। মতবিনিময় সভায় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি মণ্ডপ পাহারায় দলের পক্ষ থেকে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। দলের স্বেচ্ছাসেবক টিম প্রতিটি মন্দিরে দিন-রাত পাহারা দেবে। পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় বিএনপির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। পূজা পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কমিটি গঠন করে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত