বিএনপির শাহাদাতকে চসিকের মেয়র ঘোষণা ইসির

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম

নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের আলোকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রশাসন শাখা থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এ সংক্রান্ত সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আদালতের নির্দেশে ইসি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। সংশোধিত বিজ্ঞপ্তি শিরোনামে বলা হয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ প্রথম আদালত, চট্টগ্রামে দায়ের করা নির্বাচনী ট্রাইব্যুনাল মামলার গত ১ অক্টোবরের আদেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ১ নম্বর বিবাদী মো. রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হলো।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তার প্রাপ্ত ভোট ছিল ৩ লাখ ৩ লাখ ৬৯ হাজার ২৪৮টি। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এর ফল বাতিল চেয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারসহ ৯জনকে বিবাদী করে মামলা দায়ের করেছিলেন ডা. শাহাদাত হোসেন। এর সাড়ে তিন বছর পর গত ১ অক্টোবর চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমিন শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন এবং ১০দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত