প্রচুর জামা শাড়ি উপহার পেয়েছি

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:১৬ এএম

বিদ্যা সিনহা মিমের শৈশবের পূজার আনন্দটা অনেক বর্ণিল ছিল। কাজিনদের সঙ্গে ঘুরে বেড়াতেন। পূজা মণ্ডপে যেতেন, পাড়া মহল্লায় টই টই করে ঘুরে বেড়াতেন, আনন্দ করতেন। কিন্তু এখন সেই সময়টা নেই। সময়ের পরিক্রমায় মিম এখন বড় তারকা। আর এই তারকা খ্যাতি বিচ্ছিন্ন করেছে শৈশবের আনন্দ থেকে। মিমের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘায়। পূজায় সেখানেই যাওয়া হয়। তবে এবার যেতে পারছেন না এই অভিনেত্রী।

মিম বললেন, ‘ছোট বেলায় অনেক আনন্দ করতাম, ঘুরে বেড়াতাম। কিন্তু এখন আর সেই আনন্দটা নেই। এখন গ্রামে গেলে বাসা থেকে বের হতে পারেন না, কারণ বের হলেই সবাই ঘিরে ধরে। হয়তো আত্মীয়-স্বজনদের বাসায় যাই, সেখানেও লোকজন ভিড় করে থাকে। এতে খারাপ লাগে না আমার। কারণ আমাদের গ্রামেরই তো মানুষ। কিন্তু ওই যে বললাম, শৈশবের মতো ঘুরে বেড়াতে পারি না।’ মিম গ্রামে গেলে সবার জন্য উপহার নিয়ে যান। এমনকি দরিদ্র গ্রামবাসীদের তিনি উপহার সামগ্রী দেন। এবার ঢাকাতেই পূজার আনন্দ করবেন। এমনটা জানিয়ে বললেন, ‘আসলে এবারের পরিকল্পনাটা ঢাকাকে কেন্দ্র করে। ঘুরতে বেরোলে ঢাকাতে বের হব। ঢাকার আত্মীয়-স্বজনদের সঙ্গেই সময়টা কাটাব। পূজা শুরু হয়ে গেল আমার কিন্তু পূজা শুরু হয়নি। আজ সপ্তমি কিন্তু সময়টা এখন আমি পার্লারেই কাটাচ্ছি। হয়তো আগামীকাল ( আজ) থেকে পূজার আনন্দ শুরু হবে। আর সবচেয়ে বড় প্ল্যান হলো এবার আমরা পূজার বাসার মধ্যেই সেলিব্রেট করব। কারণ মা অসুস্থ, অন্য কোনো পরিকল্পনা করতে পারছি না।’

পূজা বিদ্যা সিনহা মিম কতগুলো জামা কিনেছেন, ভক্তদের কৌতূহল থাকতেই পারে। এটার সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিম বলছেন, এটা ভক্তদের কেন আমার কাছের মানুষদেরও তো কৌতূহল রয়েছে। সবাই ভাবছে আমি কতগুলো শাড়ি কিনলাম, কতগুলো জামা কিনলাম। কিন্তু সত্য কথা হলো আমি কোনো জামা-কাপড়ই কিনিনি। আসলে অনেক উপহার পেয়েছি। শাড়ি, জামা এত এত উপহার পেয়েছি যে আমার আর কেনারই প্রয়োজন পড়েনি। উপহার শেষ করতে পারব কী না এটা নিয়েই চিন্তায় আছি। 

এদিকে ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা সম্প্রতি দিলেন নতুন খবর। দেশের ইলেক্ট্রনিক পণ্যের প্রতিষ্ঠান ওয়াল্টনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হলেন। এ প্রসঙ্গে বললেন, ‘দেশীয় এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলাম। এটিসহ আমি মোট ১৫টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছি।’ এদিকে বিদ্যা সিনহা মিম এখন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছেন। তবে খুব শিগগিরই বড় পর্দার কাজ শুরু করতে যাচ্ছেন। বললেন, ‘এরমধ্যে বেশ কয়েকটি চিত্রনাট্য নিয়ে বসা হয়েছে। এখনো চূড়ান্ত হয়নি। তবে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একটির। হয়তো নভেম্বর থেকে শুটিংয়ে যাব, তখন সবাইকে জানাতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত