শেখ হাসিনার বিরুদ্ধে মামলা মাহমুদুর রহমানের

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৭ এএম

কুষ্টিয়ায় ছয় বছর আগে অবরুদ্ধ করে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দেন তিনি।

মামলায় কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফসহ সাবেক দুই সংসদ সদস্য, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, কুষ্টিয়া পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘মামলার বাদী মাহমুদুর রহমান ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানি মামলার বিবাদী হিসেবে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে এলে এজাহারনামীয়দের নির্দেশে/হুকুমে বাদীকে দিনভর অবরুদ্ধ করে রেখে বিকেল সাড়ে ৩টার দিকে আদালত চত্বরেই তার ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে মারধর, ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে দেওয়া এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরকে। তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্তসহ সব আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করবেন।

বরিশালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা : এদিকে বরিশালে বিএনপির শান্তি মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫৫৭ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ শীর্ষ একাধিক নেতা।

গত বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। থানার ওসি মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই বিকেলে নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথা এলাকায় বিএনপির ঘোষিত শান্তি সমাবেশ (শোক মিছিল) কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালান। এ হামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে পূর্বপরিকল্পিতভাবে হয়েছে। তখন হত্যার উদ্দেশ্যে বাদী ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে মামলায় উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত