মির্জাপুরে পূজামন্ডপ পরিদর্শন চার দেশের রাষ্ট্রদূতের

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫০ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজবাড়ির পূজামন্ডপ পরিদর্শন করেছেন চার দেশের রাষ্ট্রদূত। গতকাল শুক্রবার বিকেলে এই ভিআইপি অতিথিরা কুমুদিনী হাসপাতাল লাইব্রেরিতে পৌঁছালে তাদের স্বাগত জানান কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবদুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী নার্সিং কলেজের অধ্যক্ষ রিনা ক্রুস ও কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক।

রাষ্ট্রদূতদের মধ্যে ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াজ ও তার স্ত্রী ইলিয়ানি অ্যালক্যানতারা, সুইডেন এমবাসির ডেপুটি হেড অব মিশন মারিয়া স্ট্রিটসম্যান ও ফাস্ট সেক্রেটারি জোহাননা মারটিনশন, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, নেপাল এমবাসির ডেপুটি চিপ অব মিশন ললিতা সিলওয়াল ও সেকেন্ড সেক্রেটারি ওজানা ব্যামজান। এ ছাড়া বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলা শেখ ও তার স্ত্রী হাজজা সাতা শেখ।

অতিথিরা কুমুদিনী লাইব্রেরিতে জলযোগ শেষে বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার নিজবাড়ির পূজামন্ডপ পরিদর্শনে যান। সেখানে তাদের স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। সন্ধ্যায় পূজাম-পে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং ভারতেশ্বরীহোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি অনুষ্ঠান উপভোগ করে অতিথিরা ঢাকা চলে যান।

এ বছর মির্জাপুর উপজেলায় ২০৭ মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৪৩। অন্য বছরের চেয়ে এ বছর নিরাপত্তাব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে বলে লক্ষ করা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত