মেটা নিয়ে আসছে নতুন এআই মডেল যেটি ব্যবহারকারীর নির্দেশ (প্রম্পট) অনুযায়ী অডিও ও ভিডিও জেনারেট করে দেবে। ৫ অক্টোবর মেটা ‘মুভি জেন’ নামের নতুন এই এআই মডেলটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে প্রম্পট-নির্ভর এআই কন্টেন্ট জেনারেশনে জনপ্রিয় প্রতিষ্ঠান ওপেনএআই (চ্যাটজিপিটি নির্মাতা) ও ইলেভেনল্যাবস-কে চ্যালেঞ্জ জানাল মার্ক জাকারবার্গের মেটা।
ব্যবহারকারী যে ধরনের অডিও ও ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা প্রম্পট আকারে লিখে দিলেই মেটার ‘মুভি জেন’ টুলটি বাস্তবসম্মত অডিও-ভিডিও জেনারেট করে দেবে। মেটা এরই মধ্যে ‘মুভি জেন’ দিয়ে জেনারেট করা বেশ কিছু নমুনা (স্যাম্পল) ভিডিও শেয়ার করেছে।
মেটার শেয়ার করা কয়েকটি ভিডিওতে প্রাণীদের ছবি ব্যবহার করে দেখানো হয় যে তারা সাঁতার কাটছে ও সার্ফিং করছে। আবার কয়েকটি ভিডিওতে সত্যিকারের মানুষের ছবি ব্যবহার করে দেখানো হয় তারা ক্যানভাসে ছবি আঁকছে। ভিডিওর কনটেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট তৈরিতেও পারদর্শী মুভি জেন অন্তত এমনটাই দাবি করছে মেটা। এছাড়া ব্যবহারকারী চাইলে এই এআই টুলটি ব্যবহার করে বর্তমান কোনো ভিডিও এডিট করতে পারবেন।
একটি স্যাম্পল ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে দৌড়াতে থাকা একজন ব্যক্তির হাতে পম-পম বসিয়ে দিয়েছে মেটার এই টুলটি। আবার আরেকটিতে, পার্কিং লটে শুকনো স্থানে স্কেটবোর্ডিং করতে থাকা একজন ব্যক্তির ভিডিওতে ‘পার্কিং লট’ পরিবর্তিত হয়ে দেখা যায় তিনি জমে থাকা পানিতে স্কেটবোর্ডিং করছেন। মেটা যেমনটা দাবি করছে ‘মুভি জেন’ ঠিক তেমনটাই করতে সক্ষম হলে শুধু ওপেনএআই আর ইলেভেনল্যাবসই নয়, বরং সিনথেসিয়া, পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই টুলগুলোও শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হবে। ‘মুভি জেন’-এর পারফরমেন্স কেমন হবে সেটা যদিও সময় বলে দেবে, তবে প্রাথমিকভাবে স্যাম্পল দেখে ব্যবহারকারীরা দারুণ কিছু আশা করতেই পারেন।
