মসজিদে হারামে মোলায়েম সাউন্ড সিস্টেম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৪ এএম

ইসলামের সর্বোচ্চ সম্মানিত স্থান মক্কার মসজিদে হারামে বিশে^র বৃহত্তম সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, যা অত্যন্ত মোলায়েম ও কোমল ধরনের এক শব্দ ব্যবস্থা। এর মাধ্যমে পবিত্র কাবা প্রাঙ্গণের আজান, ইকামত, জুমার খুতবা ও নামাজের সময় আওয়াজ মাতাফ, মসজিদে হারামের বিভিন্ন তলা, ছাদ, আঙিনা, সম্প্রসারিত নতুন ভবন এবং আশপাশের এলাকাসহ পার্শ্ববর্তী সড়কগুলোতে পৌঁছে দেওয়া হয়। সৌদির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মসজিদে হারামে যে সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে, তা আধুনিক সমসাময়িক চাহিদা অনুযায়ী।

১২০ জন প্রযুক্তিবিদ এই সাউন্ড সিস্টেম পরিচালনার জন্য কাজ করেন। এর বাইরে শব্দ নিয়ন্ত্রণে ৫০ জন, সংযোগ ও সরঞ্জামাদি দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের জন্য শতাধিক কর্মী রয়েছেন। এর ফলে প্রতি ওয়াক্তের আজান, ইকামত, নামাজ ও খুতবা শ্রুতিমধুরভাবে একটি প্রমিত পদ্ধতিতে মসজিদে হারামের প্রতিটি স্থানে পৌঁছে যায়। আওয়াজের জন্য কারও কোনো কষ্ট হয় না, আবার সব জায়গা থেকে সমানভাবে শোনা যায়।

মসজিদে হারাম এবং এর আঙ্গিনায় স্থাপন করা হয়েছে বিশেষ পদ্ধতির আট হাজার স্পিকার, এগুলো ৬৫০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে স্থাপিত, যা মসজিদে হারামের সাউন্ড সিস্টেমকে বিশ্বের বৃহত্তম সাউন্ড সিস্টেমগুলোর একটিতে পরিণত করেছে। পুরো কার্যক্রমে ২১টি ইউনিট রয়েছে, যার মাধ্যমে মসজিদের প্রতিটি অংশ আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হয়। এ কারণে মসজিদের বিভিন্ন এলাকায় শব্দ আরও ভালো ও স্পষ্টভাবে শোনা যায়। তবে আওয়াজ কর্কশ হয় না। বরং খুবই মোলায়েম আওয়াজ হয়।

সাউন্ড সিস্টেমের জন্য মসজিদে হারামে ছয়টি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। এর মাধ্যমে মসজিদ, বহিরাঙ্গন ও সম্প্রসারিত নতুন স্থানে সাউন্ড সংযোগ দেওয়া হয়। লোক সমাগমের সঙ্গে মিল রেখে দক্ষতার সঙ্গে সাউন্ড সিস্টেম পরিচালনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত