১৩ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত ছাড়াল

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:০৫ এএম

দেশে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) রোগটিতে নতুন করে আরও চারজন মারা গেছে। এ নিয়ে এ মাসের গত ১৩ দিনে মৃত্যু দাঁড়াল ৫১ জনে। অর্থাৎ দৈনিক গড় মৃত্যু প্রায় চারজন। এ সংখ্যা সর্বোচ্চ মৃত্যুর মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় দ্বিগুণ। সেপ্টেম্বরে মোট মৃত্যু ছিল ৮০ জনের ও দৈনিক গড় মৃত্যু ছিল দুজনের কিছু বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে নতুন যারা মারা গেছে, তাদের দুজন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। মৃতদের মধ্যে ২১-২৫ বছর, ২৬-৩০ বছর, ৬১-৬৫ বছর ও ৬৬-৭০ বছর বয়সী একজন করে ছিল।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেল ২১৪ জন। এই সংখ্যা দেশে ডেঙ্গুর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ছিল ২০১৯ সালে। সে বছর মারা যায় ১৭৯ জন। কিন্তু সে বছর রোগী ছিল এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। এ পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত বছর ১ হাজার ৭০৫ জন ও দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন ২০২২ সালে ২৮১ জন।

এ বছর মোট মৃত্যুর ৫০ দশমিক ৫ শতাংশ বা ১০৮ জন নারী ও ৪৯ দশমিক ৫ শতাংশ বা ১০৬ জন পুরুষ। সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে ১১৪ জন। এরপর ঢাকা উত্তর সিটিতে ৩০, বরিশালে ২৫, চট্টগ্রামে ২২, খুলনায় ১২, ঢাকা বিভাগে সাত, ময়মনসিংহে দুই এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ও রাজশাহীতে একজন করে মারা গেছে।

অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটিতে ২০৭ জন ও সর্বনিম্ন একজন সিলেট বিভাগে। এরপর ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ ও ঢাকা বিভাগে ১১১ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ৭১, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৩২, রাজশাহীতে ২৩, ময়মনসিংহে ২০ এবং রংপুরে ১৭ জন ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ৩৯৯ জন পুরুষ ও ২৬১ জন নারী।

এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৪৭০ জনে। তাদের মধ্যে এ মাসের গত ১৩ দিনেই ভর্তি হয়েছে ১১ হাজার ৫৩২ জন, যা মোট রোগীর ২৭ শতাংশ। 

অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ও অক্টোবর-নভেম্বর পর্যন্ত প্রকোপ বেশি থাকে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিল। তাদের মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ এবং ঢাকার বাইরে ২ লাখ ১১ হাজার ১৭১ জন ভর্তি হয়েছিল। গত বছর ছিল রোগী ও মৃত্যুর এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।

২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং প্রায় ৩০০ জন মারা যায়। ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ডেঙ্গুর সংক্রমণ কম ছিল, কিন্তু ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এ বছর মারা যায় ১০৫ জন। এ ছাড়া ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ২৮১ জন মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত