বড় লাফ ট্রাম্পের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:১৯ এএম

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের লড়াই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি এক মাসেরও কম সময়। এবারের নির্বাচনের আগে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে জনমত জরিপের চিত্র। শুরুতে রিপাবলিকানরা জনসমর্থনে ডেমোক্র্যাটদের থেকে অনেকটাই এগিয়ে ছিল। পরবর্তীকালে জো বাইডেন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিলে দলীয় মনোনয়ন পান বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরপর দ্রুতই ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমাতে থাকেন কমলা। যুক্তরাষ্ট্র জুড়ে জনসমর্থনে এক সময় ট্রাম্পকে ছাড়িয়েও যান এই ডেমোক্র্যাট প্রার্থী। এমনকি দোদুল্যমান বেশ কয়েকটি অঙ্গরাজ্যেও ট্রাম্পকে পেছনে ফেলেন কমলা। তবে নির্বাচনের একদম শেষ মুহূর্তে আবারও বাজিমাত ট্রাম্পের। গত এক মাসে কমলার সঙ্গে ব্যবধান অনেকটাই এনেছেন তিনি। গত রবিবার প্রকাশিত কয়েকটি জনমত জরিপে উঠে এসেছে এই চিত্র।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির জরিপে দেখা গেছে, দেশ জুড়ে জনসমর্থনে কমলা ও ট্রাম্পের অবস্থান সমানে সমান। দুই প্রার্থীই ৪৮ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন। একই জরিপে গত মাসে ট্রাম্পের থেকে ৫ পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা। এবিসি নিউজ ও ইপসোসের জরিপে জনপ্রিয়তায় ট্রাম্পের থেকে এখনো ২ পয়েন্টে এগিয়ে কমলা। এই জরিপে নিবন্ধিত ভোটারদের ৫০ শতাংশের সমর্থন পেয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমটির সেপ্টেম্বরের জরিপে ৬ পয়েন্টে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাটরা। সিবিএস এবং ইউগভের জরিপেও ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছেন কমলা। তবে এই জরিপেও এক পয়েন্ট ব্যবধান কমিয়েছে ট্রাম্প। এই জরিপে কমলার ৫১ শতাংশ জনপ্রিয়তার বিপরীতে ট্রাম্পকে সমর্থন দিয়েছে ৪৮ শতাংশ ভোটার।

দেশটির নির্বাচনী বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থান ও কট্টর জাতীয়তাবাদী মনোভাব যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে। এ ছাড়া অর্থনীতি ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের ওপর অধিক আস্থা রাখার কথা জানিয়েছেন ভোটাররা। সামনের দিনগুলোতে ট্রাম্প ব্যবধান আরও কমাতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত ধনকুবেরদের সমর্থনের দিক থেকে কমলার ঝুলিটাই বেশি ভারী। ফোর্বসের তালিকা অনুযায়ী ৭৬ জন ধনকুবের কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। আর ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৯ ধনকুবেরের।

কমলার প্রতি ধনকুবেরদের সমর্থন বেশি হওয়ার বিষয়টি অনেকের কাছে চমকের সৃষ্টি করেছে। ধনকুবেরদের সুবিধা দেওয়ায় নানা সময়েই ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন কমলা। তবে তার বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা আসন্ন নির্বাচনে দেশটির ধনকুবেরদের কমলাকে সমর্থনের কারণ হিসেবে দেখা হচ্ছে। ১২ জনের বেশি ধনকুবের স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আইনের শাসন, স্থিতিশীলতা ও ব্যবসায়িক পরিবেশবান্ধব নীতিমালাগুলোকে কমলা এগিয়ে নেবেন বলে বিশ্বাস করেন তারা। কমলাকে সমর্থন দেওয়া ৭৬ ধনকুবেরের মধ্যে ২৮ জন গত আগস্টে কমলার প্রচার শিবিরকে অন্তত ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকেও ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছেন অন্তত ২৮ ধনকুবের। তবে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত এসব অনুদানের বিস্তারিত তথ্য পাওয়া যাবে না।

আসন্ন নির্বাচনী যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ইলন মাস্কের সমর্থন পেয়েছেন ট্রাম্প। তবে এখনো নির্বাচনে কাকে ভোট দেবেন সেটি চূড়ান্ত করতে পারেনি ওয়ারেন বাফেট, জেফ বেজোস, বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো শীর্ষ ধনীরা। বাফেট-বেজোস দুজনই অতীতে ডেমোক্র্যাটদের সমর্থন করেছিলেন। তবে বিল গেটস-জাকারবার্গ এখনো দুই প্রার্থীর মধ্যে কাউকেই সমর্থনের ঘোষণা দেননি। তবে বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস সমর্থন দিয়েছেন কমলাকে। কমলার প্রচার শিবিরকে ১ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত