ইসরায়েল ও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। লেবাননে হিজবুল্লাহ প্রধানসহ শীর্ষ নেতাদের ও তেহরানের বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার কারণে এ যুদ্ধে জড়িয়ে পড়েছে পারমাণবিক শক্তিধর দেশ ইরানও। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতির শঙ্কা বাড়ছে। এ অবস্থায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা এবং সামরিক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত রবিবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ইসরায়েলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র। ইরান ও তার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষার জন্য দেশটিতে থার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যাটারি মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে থাড ব্যবস্থা পরিচালনার জন্য সেনাসদস্যও পাঠাবে ওয়াশিংটন। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেন, থাড ব্যাটারি মোতায়েন ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সহায়ক হবে। থাড ব্যাটারি পরিচালনা করতে সাধারণত অন্তত ১০০ সেনা প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন থাড ব্যবস্থা তৈরি ও সুসংহত করে। এই প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প, মাঝারি এবং মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। তবে কবে নাগাদ ইসরায়েলে এ ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন করা হবে তার বিস্তারিত তথ্য দেয়নি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এর আগে ২০১৯ সালে প্রশিক্ষণ ও বিমান প্রতিরক্ষা মহড়ার জন্য একটি থাড ব্যাটারি ইসরায়েলে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হাসপাতালের ভেতরে একটি কমান্ড সেন্টার থেকে পরিচালিত হামাসযোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। স্থানীয়রা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কার্যত বেইত হানুন, জাবালিয়া এবং বেইত লাহিয়া এলাকাগুলোকে গাজা শহর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ৯ দিন ধরে উত্তর গাজার চলমান ইসরায়েলের এ অভিযানে অন্তত ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের ভারপ্রাপ্ত সহায়তা প্রধান জয়েস মুসিয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ‘উত্তর গাজায় যা ঘটছে তা ভাষায় প্রকাশের মতো নয়।’ অন্যদিকে, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে আবারও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর আগ্রাসন দেখিয়েছে ইসরায়েলের সেনারা। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির গেট ভেঙে ইসরায়েলের ট্যাংক হানা দেয়। এ সময় ইউনিফিলের এক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
