তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চীনের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:২৭ এএম

তাইওয়ানের সীমানার কাছে আবারও সামরিক মহড়া চালিয়েছে চীন। দেশটির সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাইওয়ান প্রণালি এবং তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে ‘জয়েন্ট সোর্ড-২০২৪ বি’ মহড়ার আয়োজন করা হয়েছে। দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠীকে তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সতর্ক বার্তার অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানায় বেইজিং।

গতকাল সোমবার সামরিক বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য নিশ্চিত করতে এটি আমাদের বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ।’ তবে কয়দিনব্যাপী এই মহড়া চলবে সে বিষয়ে কোনো আভাস দেওয়া হয়নি বিবৃতিতে। সেখানে আরও বলা হয়, তাইওয়ানের দিকে চীনা যুদ্ধ জাহাজ ও এয়ারক্র্যাফট অগ্রসর হচ্ছে। তাদের মহড়ার লক্ষ্যে রয়েছে নৌ ও বিমান যুদ্ধপ্রস্তুতি, প্রধান বন্দর অবরোধ, নৌ ও স্থল লক্ষ্যবস্তুতে হামলা।

গত বৃহস্পতিবার তাইওয়ানের জাতীয় দিবসে প্রেসিডেন্ট লাই চিং-তের ভাষণ ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভাষণে তিনি বলেছিলেন, তাইপেকে প্রতিনিধিত্ব করার কোনো অধিকার বেইজিংয়ের নেই। তবে দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে অগ্রসর হতে পারে। তার এই বক্তব্য ভালোভাবে নেয়নি চীন। স্বশাসিত তাইওয়ানকে দীর্ঘদিন ধরেই নিজেদের দাবি করে আসছে বেইজিং। গত দুই বছরের মধ্যে তাইওয়ান ঘিরে এটি চীনের চতুর্থ বড় পরিসরের সামরিক মহড়া।

তাইওয়ানের চারপাশের মহড়া চলার স্থানগুলো চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। মহড়ার জন্য ৯টি স্থান নির্দিষ্ট করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলে দুটি, পশ্চিম উপকূলে তিনটি, উত্তর উপকূলে একটি ও চীনা উপকূলের নিকটবর্তী তাইওয়ান নিয়ন্ত্রিত দ্বীপগুলো ঘিরে আরও তিনটি স্থানে মহড়া চালানো হবে। চীনের এই সামরিক মহড়া নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছে তাইওয়ান। এই মহড়ার নিন্দা জানিয়ে এটিকে ‘অযৌক্তিক’ ও ‘উসকানিমূলক’ বলে বর্ণনা করেছে তাইপে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কোস্ট গার্ড তাদের নিজস্ব বাহিনী মোতায়েন করেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত