‘অভ্যুত্থানের বিজয়কে আরও বৃহত্তর বিজয়ের দ্বারপ্রান্তে নিতে হবে’

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম

যেকোনও পরিস্থিতির প্রেক্ষাপটে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়কে আরও বৃহত্তর বিজয়ের দ্বারপ্রান্তে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে গণতন্ত্র মঞ্চ। আজ বুধবার সকালে শিশু কল্যাণ পরিষদ ভবনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী মাহমুদুর রহমান মান্না এ তথ্য জানান।

তিনি বলেন, কনস্টিটিউশনের ব্যাসিকলি অনেক কথাবার্তা শুরু হয়েছে। এটাকে খুবই যোগ্যতার সঙ্গে সমাধানের দিকে নিয়ে যেতে হবে। সরকার যদি এখন থেকে যত্নবান না হয় তাহলে সংকট বড় হতে পারে। ভুলভাবে যদি এটাকে ব্যবহার করা হয় বা চেষ্টা করা হয় তাহলে ক্ষতির কারণও হতে পারে। আমরা আবেদন করব বর্তমান সরকারের কাছে, স্টেকহোল্ডারদের কাছে, সচেতন মানুষের কাছে। এই বিষয়ের বিশাল অভ্যুত্থানের বিজয়কে আরও বৃহত্তর বিজয়ের দরজাতেই নিয়ে যেতে হবে। এখানে ব্যর্থ হবার সুযোগ নেই, হবারও কোনো কারণ নেই।

নাগরিক ঐক্যের সভাপতি মান্না বলেন, আমাদের সামনে আরও বড় বিষয় আছে সংস্কার নিয়ে। আমরা জানি দে আর উইল বি ডায়োগনালি অপজিট ভিউস। সংস্কার প্রক্রিয়া সম্পর্কে এই পর্যন্ত যা হয়েছে সেটার মধ্যে যে খুব সঙ্গতি দেখতে পারছি সেটাও নয়। আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি তখন বলেছিলাম নিজদের মতো করে একটা প্রস্তাব দেবে তা না… এটাও সবার সাথে কথা বলেই তাদের প্রস্তাবনাটা তৈরি হবে। এখন মনে হচ্ছে তা হচ্ছে না। তারা তাদের মতো করেই করছেন। তার মানে আমাদের সাথে তো প্রথম থেকেই শুরু করতে হবে… সময় আরও বেশি লাগতে পারে।

দুই মাসেও অন্তর্বর্তীকালীন সরকারের আমলাতন্ত্রে বিগত সরকারের লোকজন বসে থাকায় ক্ষোভ প্রকাশ করে মান্না বলেন, আমরা এটা বুঝতে পারি না, দুই মাস-আড়াই মাস পরেও যদি... ১৫ বছর ধরে তারা (আওয়ামী লীগ) এমনভাবে সাজিয়েছে যে নাকি তাকে বসাতে পারি না… এটা ইতিহাস গ্রহণ করবে না। ছয় মাস পরে বলবে, আমরা কিছুই করতে পারি নাই আর ছয় মাস পর্যন্ত তারা যা করার কবে। হাইকোর্টের মতো জায়গায় মিছিল করবে এটা দেখার জন্যে মানুষ রেডি নাই।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুঁইয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত