গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনি লাইভ শিগগিরই ৪০টির বেশি ভাষা সমর্থন করবে। যা আরও স্বাভাবিক ও মুক্তভাবে কথোপকথনের গুগলের মতে, এটি ইভেন্টের জন্য ব্রেনস্টর্মিং (নির্দিষ্ট বিষয় বা সমস্যার ওপর একাধিক ধারণা কিংবা সমাধান তৈরি করতে ব্যবহৃত সৃজনশীল পদ্ধতি), আরও গভীরভাবে নতুন কিছু শেখা বা চাকরির সাক্ষাৎকারের প্রশ্ন অনুশীলনের জন্য ব্যবহার করা যাবে। এ টুল একসঙ্গে দুই ভাষায় চ্যাট করার সুবিধা দেবে এবং গুগলের অন্য অ্যাপ, যেমন ক্যালেন্ডার ও টাস্কের সঙ্গে কাজ করবে। ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড অ্যাপে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংসের মাধ্যমে তাদের পছন্দের ভাষা নির্ধারণ করতে পারবেন।
যেভাবে পছন্দের ভাষা সেটআপ
অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা গুগল অ্যাপ ওপেন করে প্রোফাইল পিকচার বা নামে ট্যাপ করে যেতে হবে সেটিংসে। সেখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্টে ট্যাপ করে ল্যাঙ্গুয়েজ অপশনে গেলেই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি দেখা যাবে। তার ঠিক নিচে দ্বিতীয় একটি ভাষা যুক্ত করার অপশনটিতে ট্যাপ করে পছন্দ অনুযায়ী আরও একটি ভাষা যুক্ত করে নিতে পারেন। তবে অ্যাপের সেটিংসে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ ও ‘জেমিনি’ দুটি আলাদা ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। ব্যবহারকারী একই সময়ে যেকোনো একটি ফিচারই ব্যবহার করতে পারবেন। ফলে জেমিনি ব্যবহার করতে সেটিংসে জেমিনিতে ট্যাপ, ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ থেকে ‘জেমিনি’তে সুইচ করতে হবে।
যা যা করা যাবে
বন্ধুর সঙ্গে যেকোনো বিষয়ে যেমন কথা বলা যায়, আলোচনা এবং আইডিয়া ও পরামর্শ চাওয়া যায় ঠিক তেমনটাই জেমিনি লাইভের সঙ্গে করা যাবে। নতুন কোনো আইডিয়া জেনারেট, নতুন কোনো বিষয় নিয়ে জ্ঞানার্জন; এমনকি প্রেজেন্টেশনের আগে অনুশীলন করার মতো কাজও করা যাবে এর সহায়তায়। অর্থাৎ সার্বক্ষণিক বন্ধু বা ব্যক্তিগত সহকারী হিসেবে এই এআই চ্যাটবটটিকে ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা আরও বেশি ‘পার্সোনালাইজড’ অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।
