ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব

আশুলিয়ায় বিএনপি আ.লীগ পাল্টাপাল্টি ধাওয়া, আটক ২

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০৩ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুপক্ষের লোকজনের হাতেই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখা গেছে। ছোড়া হয় কয়েক রাউন্ড গুলিও। গতকাল বুধবার সকালে জামগড়া এলাকার দ্য রোজ ড্রেসেস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের সদস্যরা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মালিকানাধীন দ্য রোজ ড্রেসেস লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করছিলেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে গা ঢাকা দেন আওয়ামী লীগ, যুবলীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সুযোগে কারখানাটির ঝুট ব্যবসার দখল নেওয়ার চেষ্টা চালান বিএনপির স্থানীয় নেতকর্মীরা। এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা দ্য রোজ ড্রেসেস কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে কারখানা কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। গতকাল সকালে তারা কারখানার সামনে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ মাদবরের লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলি বিনিময় হয়।

এ ঘটনার ৫ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সকাল ৯টা ৩৪ মিনিটে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে দ্য রোজ ড্রেসেস কারখানার সামনে দিয়ে পথচারীরা জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন। এর পরপরই রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্ধশতাধিক যুবককে কারখানাটির ২ নম্বর ফটকের দিকে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর উল্টোদিক থেকে আরও শতাধিক যুবককে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়ে আসতে দেখা যায়। তাদের প্রায় সবার মুখে মাস্ক পরা ছিল এবং কয়েকজনের হাতে পিস্তল দেখা যায়। এর মধ্যে একজনকে ওপরের দিকে গুলি ছুড়ে ফের পিস্তলে গুলি ভরতে দেখা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, ‘গত ১৭ বছর ধরে পোশাক কারখানাটিতে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ঝুট ব্যবসা করতেন। ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা হওয়ায় তারা এলাকা ছেড়ে পালিয়েছে। আমরা কারখানার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস পাওয়ায় আজ (গতকাল) কথা বলার জন্য কারখানার সামনে যাই। কিন্তু আওয়ামী লীগের আরিফ মাদবরের নেতৃত্বে রতন, তানভীর, গালকাটা জুয়েল, হান্নান ও পারভেজসহ শতাধিক সন্ত্রাসী আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরা কোনোরকমে সেখান থেকে দৌড়ে চলে আসি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আরিফ মাদবর বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। তারা অন্য এলাকা থেকে এসে আমাদের ব্যবসা দখল করবে আবার আমাদের ওপর গুলিও ছুড়বে। দেশে কি আইন নেই! আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘ঝুট ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত