মায়ের ওপর অভিমান, ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২:২৪ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি বাসায় মেহেদী হাসান (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরপাথরঘাটার মনির গোষ্ঠীর ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা মেহেদীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী ওই এলাকার মোহাম্মদ বেলাল উদ্দিনের ছেলে। মেহেদীর মা গার্মেন্টস শ্রমিক ও বাবা ট্রাকচালক।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, অভাবের সংসারে মায়ের পাশাপাশি মেহেদীও রিকশা চালিয়ে আয় রোজগার করত। কয়েক দিন ধরে মেহেদী রিকশা চালায়নি। এ কারণে তার মা তাকে বকাঝকা করেন। এক পর্যায়ে অভিমান করে গলায় গামছা পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত