৫ ডাকাতকে ‘গণধোলাই’ দিয়ে পুলিশে দিল জনতা

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১০:১৯ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতিকালে পাঁচ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার রুলীপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ডাকাতরা হলেন সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা এলাকার আরিফুল ইসলাম, রাসেল, বেল্লাল, মুকুল ও আছান আলী।

স্থানীয়রা জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা এলাকায় নৌকা দিয়ে বালু বিক্রির কাজ শেষে যমুনা নদী দিয়ে নৌকায় বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। রাত ৯ টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে নৌকা সহকারে ডাকাত দল তাদের উপর আক্রমণ করে কয়েকজনকে কুপিয়ে আহত করে। এ সময় শ্রমিকরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ৫ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে রাত ২টার দিকে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত