পার্বতীপুরে হামলার বিচার দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:১৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরে আদিবাসী বারোয়ারি পল্লীর ৮ অধিবাসীকে হামলা চালিয়ে আহত করায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের শাহ্পাড়া ঈদগাহ মাঠ সড়কে বারোঘড়িয়া ও শাহপাড়া গ্রামের তিন শতাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহপাড়া গ্রামের নিয়ামুল হক, আলতাফ হোসেন, ফয়জার রহমান, বারোঘড়িয়া গ্রামের ফুলবানু টুডু, বুদু সরেন, রোজিনা মুর্মু, নিড়ানি টুডু ও মতিন হাসদা।

বক্তারা বলেন, আদিবাসী বারোঘড়িয়া আবাসন প্রকল্পে বসবাসকারী পাঁচ ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট, গরু-ছাগলসহ মানুষের বাড়ি চুরি, জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বারোয়ারি গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে অন্যায়-অত্যাচার করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পাঁয়তারা করছে।

অভিযুক্তরা হলেন স্থানীয় মাহফুজার রহমান, রেজানুর, মিজানুর, জাহানুর ও শফিউর। তারা সবাই এলাকায় চিহ্নিত মাদক কারবারি।

মানববন্ধনে বারোয়ারি গ্রামের বুদু সরেন (৫৫) বলেন, গত ১১ অক্টোবর গ্রামের ফুলবানু টুডু (৪৫), রোজিনা মুর্মু (৩৫), নিড়ানি টুডু (৪২), মতিন হাসদা (৫০), ঝুনুকা মার্ডী (৪০), এমাসন টুডু (১২), ইলিয়াস টুডুসহ (৪৬) তাকে বেধড়ক মারধর করা হয়। এদের মধ্যে গুরুতর আহত মতিন হাসদা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত